শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ১২ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিনিয়ত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল কমে যাচ্ছে। ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সড়কের গর্তে গাড়ি আটকে যাওয়া ও দুর্ঘটনা এড়াতে চালকরা এ পথে এখন আর আসতে চান না। গত এক মাসে এই সড়কের ভেদরগঞ্জের আলুরবাজার-চাঁদপুরের হরিণাপথের ফেরি দিয়ে যাত্রী ও পণ্যবাহী গাড়ি পারাপার কমেছে। গাড়ি কম চলাচল করায় ওই নৌপথের ফেরিঘাট থেকে একটি ফেরি সরিয়েও নেওয়া হয়েছে।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, একটি অংশে নিম্নমানের সংস্কারকাজের অভিযোগে পাঁচ মাস ওই সড়কের কাজ বন্ধ ছিল। বর্তমানে সড়কের ভেদরগঞ্জের নারায়ণপুর মোড় থেকে আলুরবাজার পর্যন্ত ১২ কিলোমিটার খানাখন্দ আর ছোট-বড় গর্তের মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সদর উপজেলার মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের আলুরবাজার ফেরিঘাট পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে নাজুক।
ইউনুছ অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি পাভেল মুন্সী বলেন, ‘কার্যাদেশ পাওয়ার পর আমাদের বিল সময়মতো পাইনি। এর মধ্যে একাধিকবার নির্বাহী প্রকৌশলী বদলি হওয়ায় বিলের টাকা তুলতে সমস্যা হয়, এ কারণে কাজ সাময়িক বন্ধ থাকে। প্রাপ্য বিল পরিশোধ করলে আবার আমরা কাজ শুরু করব।’
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত ওই অংশের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
