প্রোটিয়াদের বিপক্ষে কেমন হবে বাংলাদেশ একাদশ?

আপডেট : ০২ জুন ২০১৯, ০২:১৪ এএম

বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে রোববার। ওভালে এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

ম্যাচের আগে এখন আলোচনা কেমন হবে বাংলাদেশ একাদশ? ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মোর্ত্তজার বলা কথা ও ম্যানেজমেন্ট সূত্রে যা তথ্য মিলছে, তাতে একাদশে অতিরিক্ত স্পিনার রাখার কথা ভাবছে বাংলাদেশ। সেই হিসেবে মোসাদ্দেক হোসেনের এ ম্যাচে খেলা অনেকটাই নিশ্চিত। কপাল পুড়ছে সাব্বির রহমানের।

ইনজুরিতে ভোগা সাইফউদ্দিনকে নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক মাশরাফী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।’ তার বলা কথা থেকেই ধারণা পাওয়া যায় সাইফউদ্দিনের ব্যাপারে এখনো দ্বিধায় দল।

শেষ পর্যন্ত সাইফউদ্দিন খেলতে না পারলে মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলতে দেখা যাবে রুবেল হোসেনকে। অন্য পজিশন গুলোতে ত্রিদেশীয় সিরিজের সেরা পছন্দরাই খেলবেন।

চোটের কারণে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কার মেঘ কেটেছে। সব ঠিক থাকলে সৌম্য সরকারকে নিয়ে তামিম ইকবালই ওপেন করতে নামবেন। তিনে সাকিব আল হাসান ও চারে দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।

ব্যাটিং অর্ডারে এরপর মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদ আসবেন। সাতে খেলবেন মোসাদ্দেক হোসেন। সাইফউদ্দিন খেললে দলের ব্যাটিং শক্তিটাও দৃঢ় হবে। সে ক্ষেত্রে এই অলরাউন্ডারকে আটে দেখা যেতে পারে। আর না খেলতে পারলে সেটি হবে ভিন্ন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

ওভালে যে উইকেটে খেলা হবে, সেই উইকেটে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচ হয়েছে। ব্যবহৃত উইকেট বলে স্পিনাররা সুবিধা পাবে। এই ভাবনা থেকেই একজন বাড়তি স্পিনার খেলাতে চায় বাংলাদেশ।

তা ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ পিঠের পুরোনো চোটের কারণে বোলিং করতে পারবেন না। মাশরাফী তাই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘মাহমুদউল্লাহ অনুশীলন বোলিং করেছিল একদিন। পরে আর পারেনি। বোলিং করলে ওর প্রচণ্ড ব্যথা হচ্ছে। সে ক্ষেত্রে অতিরিক্ত স্পিনার নেওয়ার কথা আমরা ভাবছি।’’

‘‘এই মুহূর্তে পরিষ্কার করা কঠিন, তবে আমরা ভাবছি। যদি ভাবতে চাই তাহলে সাত নম্বর পজিশনে ব্যাটিং প্লাস অফ স্পিনারের কথাই ভাবতে হয়। বাঁহাতি স্পিনার তো নাই। তাই অফ স্পিনিং অলরাউন্ডারের কথা ভাবছি। তবে এখনো নিশ্চিত না।’’- মাশরাফীর এই কথাতেই আসলে মোসাদ্দেকের খেলার বার্তা পাওয়া যায়।

তবে ম্যাচের আগে নানা দিক চিন্তা করে আগের দিনের পরিকল্পনায় কিছুটা বদল হতেও পারে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ছিনিয়ে নিতে সেরা একাদশটাই বেছে নিতে চায়।

টাইগারদের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত