দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে একটু পরেই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠেয় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আবহাওয়ার রিপোর্টে জানা গেছে, ম্যাচটি চলাকালে বৃষ্টি হবে না লন্ডনে।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়, বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি। আবহাওয়ার রিপোর্টে বলা হচ্ছে, পুরো দিনে একবারও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশে থাকবে হালকা মেঘ। তাপমাত্রা ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করবে। আকাশে থাকবে রোদ-মেঘের খেলা। থাকবে মৃদু বাতাস। ফলে শুরুর দিকে কন্ডিশন থেকে সুবিধা পাবেন পেসাররা।
দল দুটির মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে ১৭টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা, তিনটি ম্যাচে জয় বাংলাদেশের। এর মধ্যে একটি জয় ২০০৭ বিশ্বকাপে। বাকি দুটি ২০১৫ সালের দ্বিপক্ষীয় সিরিজে।
এবারের লড়াইয়ে পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না দক্ষিণ আফ্রিকা। তারকা পেসার ডেল স্টেইনকে পাচ্ছে না তারা। এক ক্রিস মরিস ছাড়া আর কোনো ব্যাকআপ পেসারও নেই। কাগিসো রাবাদাকেই পেস আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের ১০৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে যে করেই হোক ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থেকে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে মাশরাফীবাহিনী। বিশ্বকাপের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ডকে উড়িয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বহুজাতিক সিরিজে প্রথম শিরোপা জয়ে মাশরাফীদের আত্মবিশ্বান ঢের বেড়েছে। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারের অস্বস্তিটুকু ছাড়া প্রস্তুতির একটা মাস অসাধারণই কেটেছে বাংলাদেশের।
