দলের নিখোঁজ নেতাকর্মীর পরিবার-স্বজনদের শিশু-কিশোরদের ‘ঈদ উপহার’ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে ঈদ উপহার তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল নিখোঁজ নেতাদের স্বজনদের বলেন, ‘আমরা বলতে চাই, আপনারা কখনো মনে করবেন না আপনারা একা, আপনারা কখনো মনে করবেন না আমরা যারা আপনাদের সঙ্গে কাজ করছি, আমরা আপনাদের ভুলে গেছি- এটা মনে করার কোনো কারণই নেই’।
‘আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি এবং লড়াই করছি, সংগ্রাম করছি, দেশের মানুষ লড়াই করছে। ইনশা আল্লাহ আমরা জয়ী হবই, আপনাদের এই দুঃখের, এই কষ্টের অবসান হবেই এবং নিশ্চয় আমরা একটা শান্তিময় বাংলাদেশ ফিরে পাব।’
নিখোঁজ নেতাকর্মীর সন্তানদের শিক্ষাগ্রহণ বিষয়ে দলকে অবগত করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান মহাসচিব।
এর আগে গুলশান কার্যালয়ে বিএনপির উদ্যোগে বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময়ে ‘গুম’,‘খুনে’ নিহত পরিবারের সদস্যদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে।
পরিবারের সদস্যদের নিয়ে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা ইফতারও করেন।
ইফতারের আগে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান শিমুল প্রমুখ।
