যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রক্ষণশীল দলের বরিস জনসনের পক্ষে কথা বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের রাজনীতিতে ‘হস্তক্ষেপ’ করেছেন বলে অভিযোগ দেশটির বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের। চলতি সপ্তাহে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেন যাচ্ছেন ট্রাম্প। এর আগে সান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জনসন সম্পর্কে বলেছেন, ‘আমি মনে করি বরিস খুব ভালো কাজ করবে। আমি মনে করি সে চমৎকার হবে।’
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা অন্য রক্ষণশীল নেতারাও তার সমর্থন চেয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু ব্রিটিশ পরিবেশমন্ত্রী মাইকেল গোভ তাদের মধ্যে ব্যতিক্রম এবং তিনি ইরান প্রশ্নে তার অবস্থানের সমালোচনা করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের সফরের সময় তার সম্মানে দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন অভিজ্ঞ সমাজতন্ত্রী রাজনীতিক লেবারদলীয় নেতা করবিন। তিনি বলেছেন, ‘কে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ আমাদের দেশের গণতন্ত্রে পুরোপুরি অগ্রহণযোগ্য একটি হস্তক্ষেপ।’
গত শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘একটি সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে ব্রিটিশ জনগণের মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়া উচিত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা রক্ষণশীল দলের অপ্রতিনিধিত্বশীল এক লাখ সদস্যের মাধ্যমে নয়।’
