ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু তদন্তে কমিটি

আপডেট : ০৩ জুন ২০১৯, ০৩:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খ্রিস্টীয়ান মেমোরিয়াল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ পারভীন বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়। সোমবার দুপুর ১২টার দিকে মুঠোফোনে জেলার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা দেশ রূপান্তরকে জানিয়েছেন।

জেলার কসবা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ূন কবিরকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. ফৌজিয়া আখতার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এষণা পাল।

তদন্ত কমিটিকে প্রসূতি মৃত্যুর অভিযোগসহ অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের সামগ্রিক বিষয়ে তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

এর আগে গত শনিবার (১ জুন) বিকেলে জেলা শহরের মুন্সেফপাড়াস্থ খ্রিস্টীয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরীর ভুল চিকিৎসায় পারভীন বেগম মারা যান বলে অভিযোগ করেন তার স্বজনরা। তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে ক্লিনিক কর্তৃপক্ষ।

পারভীন জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত