ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ পারভীন বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মুঠোফোনে জেলার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা দেশ রূপান্তরকে জানিয়েছেন।
তদন্ত কমিটিকে প্রসূতি মৃত্যুর অভিযোগসহ অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের সামগ্রিক বিষয়ে তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (১ জুন) বিকেলে জেলা শহরের মুন্সেফপাড়ার খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরীর ‘ভুল চিকিৎসায়’ পারভীন বেগম মারা যান বলে অভিযোগ করেন তার স্বজনরা। পারভীন জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
