এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাঁ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে তৃতীয়বারের মত ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। গ্র্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
কর্তৃপক্ষ মনে করছেন, প্রায় ১০ লক্ষ লোক একই সাথে এবারে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এই ঈদগাঁ ময়দানে।
গত ১০মে ঈদগাঁ জামাত আয়োজনের প্রস্তুতি সভায় এমনই আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি।
সোমবার সকাল ১০ টার সময় ঈদগাঁ ময়দান ঘুরে দেখা যায়, শেষ সময়ের প্রস্তুতি হিসেবে চলছে ডেকোরেশনের কাজ। রং মিস্ত্রিরা রং এর কাজ করছেন। মাঠের নিরাপত্তার জন্য নির্মিত হয়েছে ৪টি পর্যবেক্ষণ টাওয়ার। ঈদগাঁ মাঠের প্রস্তুতির জন্য স্বেচ্ছাসেবকলীগের কর্মীসহ প্রায় ২শতাধিক শ্রমিক কাজ করছেন।
দিনাজপুরের প্রাণকেন্দ্রে দেশের বৃহত্তম এই গোর-এ-শহীদ ঈদগাঁ ময়দান অবস্থিত প্রায় ২২ একর জমির উপরে।
২০১৫ সালের মাঝামাঝি সময়ে এই ঈদগাঁ মিনার নির্মানের কাজ শুরু হয়। বিশাল আয়তনের এই মাঠে ৩ কোটি ৮০লক্ষ টাকা ব্যয়ে ২০১৭ সালে ৫২ গম্বুজ বিশিষ্ট এই ঈদগাঁ মিনারের কাজ সম্পন্ন হয় এবং সেবারই প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
৫২ গম্বুজের দুই পাশে ৬০ ফুট উচ্চতায় ২টি মিনার, মাঝখানে দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট।
আয়োজকরা জানিয়েছেন, ইতোমধ্যে দিনাজপুর সদর উপজেলাসহ প্রায় সব উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা শহরের বিভিন্ন মাধ্যমে বিশাল এই ঈদগাঁ ময়দানের প্রচার প্রচারণার কাজ চলছে। সকাল সাড়ে আটটার সময় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত।
বরাবরের ন্যায় এবারো ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে থাকবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হক কাসেমী।
ঈদগাঁ ময়দানের খাদেম আলাউদ্দীন সরকার (৪৫) বলেন, ‘গোর-এ-শহীদ ময়দানে এবারের জামাত অনুষ্ঠিত হলে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২টি ঈদ উল-আযহা এবং ৩টি ঈদুল ফিতরের জামাত। জীবনের বাকি সময়টাও এই ঈদগাঁ ময়দানের খেদমত করে যেতে চাই।’
দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, ‘প্রথমবারের মত এবার এত মানুষের নামাজ আদায়ের জন্য আয়োজন করা হচ্ছে দিনাজপুর গোর-এ শহীদ ময়দান। প্রায় ১০ লাখ মুসল্লির নামাজ আদায়কে কেন্দ্র করে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাঠের ৫টি স্থানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার সুবিধার জন্য মাঠের সাথে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো হয়েছে।’
