পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে ট্রলড সানিয়া মির্জা

আপডেট : ০৫ জুন ২০১৯, ১২:৩৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে উড়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছে রোমাঞ্চকর জয়। ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আবেগ দেখিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হলেন শোয়েব পত্নী সানিয়া মির্জা।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে গত সোমবার শ্বাসরূদ্ধকর এক লড়াই শেষে ইংল্যান্ডকে ১৪ রানে হারায় পাকিস্তান। তাদের বেধে দেওয়া ৩৪৯ রানের টার্গেট তাড়া করে ৩৩৪ রানে থেমে যায় ইংলিশদের রানের চাকা।

পাকিস্তানের জয়ের পর বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের টেনিস সেনসেশন পাক অল-রাউন্ডার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। তাতে নেটিজেনদের ট্রোলের শিকার টেনিস সুন্দরি।

পাকিস্তানের জয় দেখে আনন্দিত সানিয়া লেখেন- “কিভাবে খেলাকে কেউ ভালো না বেসে থাকতে পারে। আসাধারণ এবং টুর্নামেন্টের সবচেয়ে অনিশ্চিত এই দলটা। বিশ্বকাপে কেউ ফেভারিট নয়। নির্দিষ্ট দিনে কে ভালো বা খারাপ খেললো তার উপর সবকিছু নির্ভর করে।”

প্রথম টুইটের মিনিট দশেক পর দ্বিতীয় টুইটে সানিয়া লেখেন, “দারুণভাবে ফিরে আসার জন্য পাকিস্তান দলকে ধন্যবাদ। বরাবরের মতোই তারা আবারও নিজেদের অনিশ্চিত প্রমাণ করল। বিশ্বকাপ অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠল।”

সানিয়ার জোড়া টুইটের পর চুপ থাকেননি ভারতের ক্রিকেট অনুরাগীরা। সানিয়ার টুইটের পাল্টা দেশের এক ক্রিকেট অনুরাগী লেখেন, “১৬ জুনের আগে পাকিস্তান কেমন পারফর্ম করল দেখে লাভ নেই। কারণ ভারতের বিরুদ্ধে তো সেই হারতেই হবে।”

কেউ কেউ আবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ৬-০ ব্যবধানে পিছিয়ে থাকার শোচনীয় রেকর্ডের কথা মনে করিয়ে দেন। আবার কেউ লেখেন, ভালোবাসা হয়তো সত্যিই অন্ধ হয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা দারুণ উপভোগ্য হবে।

এর আগেও দুদেশের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে প্রতিবেশি দেশকে নানা কারণে সমর্থন করায় রোষের মুখে পড়েছিলেন বেগম মির্জা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত