টপ অর্ডারে একমাত্র সাকিব আল হাসান ছাড়া বড় স্কোর পাননি কেউই। নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পুঁজি গড়তে মাহমুদউল্লাহর ব্যাটের দিকে তাকিয়ে ছিল সবাই। কিন্তু অন্যদের ধারাবাহিকতায় তিনিও ফিরে গেলেন সেট হয়ে।
মাহমুদউল্লাহর বিদায়ে ৪২.৩ ওভারে ১৯৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাক্তিগত ২০ রানে ফিরেছেন মাহমুদউল্লাহ। মিচেল স্যান্টনারের বলে উইলিয়ামসনকে ক্যাচ দেন তিনি। মোসাদ্দেক হোসেনের সঙ্গে এখন মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট করছেন।
বুধবার বাংলাদেশে ঈদ উদ্যাপনের দিনে ওভালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বিশ্বকাপে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। আর নিউজিল্যান্ড ১০ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে।
মাহমুদউল্লার আগে সেট হয়ে ফিরেছেন মিঠুন। ম্যাট হেনরির করা ৩৮তম ওভারের প্রথম বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে ক্যাচ দেন মিঠুন। লট বলটা অযথা পুল করতে গেলেন। বল উঠে গেল আকাশে। ৩৩ বলে ৩ চারে ২৬ রান করেন মিঠুন।
এর আগে ব্যক্তিগত ৬৪ রানে ফিরে গেছেন সাকিব। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে উইকেটের পেছনে ক্যাচ হন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
আগে ব্যাট করতে নেমে তামিম ও সৌম্য ভালো শুরুর ইঙ্গিত দেন। দলীয় ৪৫ রানে সৌম্য সরকারের বিদায়ের পর ৬০ রানের মাথায় ফিরে যান তামিম। এরপর সাকিব ও মুশফিক তৃতীয় উইকেটে যোগ করেন ৫০ রান। ১৯ রান করে মুশফিক রান আউটে কাটা পড়লে এই জুটির পতন হয়।
এর আগে ২৫ রান করা সৌম্যকে ফিরিয়ে টাইগারদের উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাট হেনরি। তার করা ইনিংসের নবম ওভারে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। ২৫ বলে ৩ চারে নিজের ইনিংস সাজান।
১৪তম ওভারে তামিম ইকবালকে ফেরান লকি ফার্গুসন। ৩৮ বলে ৩ চারে ২৪ রান করা তামিম ট্রেন্ট বোল্ডের হাতে ক্যাচ হন।
