বাংলাদেশের পুঁজি ২৪৪

আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:১৬ পিএম

বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেলেন সাকিব আল হাসান। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মতো বড় কোনো জুটি হলো না। সেই জুটির অভাবটাই নিউজিল্যান্ডের বিপক্ষে ভোগাল টাইগারদের। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের হারাতে বাংলাদেশের পুঁজিটা তাই ২৪৪ রানের বেশি হয়নি।

বুধবার ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪ বল বাকি থাকতেই ২৪৪ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। সাকিব আল হাসান সর্বোচ্চ ৬৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে সাইফউদ্দিনের ব্যাট থেকে।

বলতে গেলে উইকেটে এদিন থিতু হয়েছেন সবাই। কিন্তু পারেননি নিজেদের ইনিংসগুলোকে বড় করতে। আগের ম্যাচে সাকিব ও মুশফিক দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। এদিন তামিম ইকবাল ও সৌম্য সরকার ভালো শুরু এনে দিয়ে ফিরলে সাকিব-মুশফিকের ব্যাট ভর করে এগোতে থাকে বাংলাদেশ।

কিন্তু ভুল বোঝাবুঝিতে মুশফিক রান আউটে কাটা পড়লে দুজনের ৫০ রানের জুটির অবসান হয়। এদিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটিই।

কৃতিত্ব দিতে হবে কিউই বোলারদের। নিয়মিত বিরতিতে তারা উইকেট তুলে নিয়েছে এদিন। সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। জোড়া উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম ও মিচেল স্যান্টনার।

তামিম ও সৌম্য এদিন ভালো শুরুর ইঙ্গিত দেন। দলীয় ৪৫ রানে সৌম্য সরকারের বিদায়ের পর ৬০ রানের মাথায় ফিরে যান তামিম।

২৫ রান করা সৌম্যকে ফিরিয়ে টাইগারদের উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাট হেনরি। তার করা ইনিংসের নবম ওভারে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। ২৫ বলে ৩ চারে নিজের ইনিংস সাজান তিনি।

১৪তম ওভারে তামিম ইকবালকে ফেরান লকি ফার্গুসন। ৩৮ বলে ৩ চারে ২৪ রান করা তামিম টেন্ট বোল্টের হাতে ক্যাচ হন। এরপর সাকিব ও মুশফিকের তৃতীয় উইকেট জুটি। যার পতন ১৯ রান করে মুশফিক রান আউটে কাটা পড়লে।

এরপর ব্যক্তিগত ৬৪ রানে ফেরেন সাকিব। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে উইকেটের পেছনে ক্যাচ হন তিনি। ৬৮ বলের ইনিংসে ৭টি চার হাঁকান তিনি।

এরপর সেট হয়ে ফেরেন মিঠুন। ম্যাট হেনরির করা ৩৮তম ওভারের প্রথম বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে ক্যাচ দেন তিনি। শর্ট বলটা অযথা পুল করতে গেলেন, উঠে গেল আকাশে। ৩৩ বলে ৩ চারে ২৬ রান করেন মিঠুন।

এরপর মাহমুদউল্লাহ ২০ রান করে ফেরেন স্যান্টনারের শিকার হয়ে। ১১ রান করা মোসাদ্দেককে ফেরান বোল্ট। সাইফউদ্দিন একা লড়াই করলেন। হেনরির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৩ বলে ২৯ রান করেন তিনি। ৩টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।

বিশ্বকাপে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। আর নিউজিল্যান্ড ১০ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত