মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ২০১৮’র মাধ্যমে শোবিজে পা রাখেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এই বঙ্গ সুন্দরী এখন কাজ করছেন সিনেমাতেও। ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রধান নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে। এদিকে পরিবারের সঙ্গেই ঈদ কাটিয়েছেন বলে জানালেন ঐশী। তিনি বলেন, ‘বরিশাল থেকে ঢাকায় বাবা-মা ও পরিবারের সদস্যরা এসেছেন। তাদের সঙ্গে ঢাকাতেই ঈদ কাটাচ্ছি। তবে বৃষ্টির কারণে বাসাতেই থাকতে হয়েছে। ঈদের দিন বাইরে কোথাও যেতে পারি না।’
কিছুদিন আগে দুবাইয়ে কাজ শেষ করে দেশে ফিরেছেন। দুবাইয়ে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘দুবাইয়ের আবহাওয়া খুব উষ্ণ। কাজ করতে গিয়ে কিছুটা সমস্যা হয়েছে। তবে হাসিমুখেই শুটিং করেছি।’
সম্প্রতি ফেসবুক পেজ নিয়ে বেশ বিপাকে রয়েছেন এই নায়িকা। বেশ কয়েকবার তার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। শেষ পর্যন্ত আইনি আশ্রয় নেন তিনি। ঐশী জানান, সাইবার ক্রাইমের দ্বারস্থ হওয়ার পর তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। পেজ ফিরে না পেলেও হ্যাকারকে তারা গ্রেপ্তার করেছে।
ফেসবুকে ঐশীর নামে রয়েছে প্রচুর ফেক আইডি। তিনি ফেক আইডি গুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে জানালেন। ঐশী বলেন, ‘আমার নামে প্রচুর ফেক আইডি আছে। এটা আমার জন্য বিব্রতকর। যারা ফেইক আইডি চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
