দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিপিং গ্লাভসে সেনাবাহিনীর লোগো লাগিয়ে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারতীয় বোর্ড- বিসিসিআইকে অনুরোধ করেছে ধোনির গ্লাভস থেকে সেনা লোগো মুছে ফেলতে।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় তারা। এ ম্যাচেই ধোনির কিপিং গ্লাভসে সেনা লোগো দেখা যায়।
আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ধোনির সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্ক অবশ্য পুরোনো। ২০১১ সালে তিনি সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদ লাভ করেন। ২০১৫ সালে সেনা ট্রেনিংয়েও অংশ নিয়েছিলেন।
আইসিসি বলছে, ক্রিকেট সরঞ্জাম ও জার্সিতে নিয়ম অনুযায়ী রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত কোনো বার্তা বহন করে এমন প্রতীক আন্তর্জাতিক ম্যাচে ব্যবহার করা যাবে না।
প্রোটিয়াদের বিপক্ষে ধোনি ব্যাট হাতে ৩৪ রান করেছিলেন। এর আগে উইকেটকিপিংয়ে একটি স্টাম্পিং করেন। আন্দিলে ফেলুকোয়ায়োকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন।
