ঘরের মাঠে ২০১৯ কোপা আমেরিকা ফুটবলে খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে গোড়ালির চোটে পড়েছেন। যা কোপা আমেরিকা থেকে ছিটকে দিয়েছে তাকে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে প্রীতি ম্যাচে কাতারের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচটি ২-০ গোলে জেতে দক্ষিণ আমেরিকার দেশটি। ম্যাচের ১৭ মিনিটে ডান পায়ের গোড়ালির চোটে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পরে নিশ্চিত করেছে, কোপা আমেরিকার আগে নেইমারের ফেরার সম্ভাবনা নেই। ১২ টি দল নিয়ে ১৪ জুন শুরু হবে কোপা আমেরিকার আসর।
চোট পেয়ে মাঠ ছাড়ার পর নেইমারকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের।
নেইমারের সময়টা আসলে মোটেও ভালো যাচ্ছে না। ক’দিন আগেই ব্রাজিল দলের অধিনায়কত্ব হারিয়েছেন। এর মধ্যে আবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক অজ্ঞাত পরিচয় মহিলা। সব মিলে বড্ড সময়ের মধ্যে যাচ্ছেন নেইমার।
