চৌমুহনীর আগুন নিয়ন্ত্রণে, ৫০ টি দোকান ভস্মীভূত

আপডেট : ০৭ জুন ২০১৯, ০৯:২৩ এএম

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ টি দোকান ভস্মীভূত হয়েছে।

শুক্রবার সকাল সাতটার দিকে চৌমুহনীর রেল স্টেশন রোড এলাকার পশ্চিম পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ‘মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে আশপাশ থেকে আরও সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ও জেলা শহর মাইজদীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তিনি আরও জানান, “সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ক্রোকারিজ, প্লাস্টিক, কসমেটিকস,গার্মেন্টস সামগ্রী ও লাইব্রেরিসহ অর্ধশতাধিক দোকান।“

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত