ধোনির গ্লাভসে সেনা প্রতীক ব্যবহারের অনুমতি চায় বিসিসিআই

আপডেট : ০৭ জুন ২০১৯, ০৮:২০ পিএম

বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি নিজের কিপিং গ্লাভসে সেনা প্রতীক ব্যবহার করছেন। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে ধোনির গ্লাভসে সেই প্রতীক দৃশ্যমান হয়। যা নিয়ে এক রকম তোলপাড় চলছে বলেতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত ধোনির এই কাজের প্রশংসা করেছেন। বিশেষ করে ভারতীয়দের মন জিতেছেন ধোনি। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি। ধোনির গ্লাভস থেকে ওই চিহ্ন সরাতে বিসিসিআইকে (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) অনুরোধ করেছে তারা।

তবে বিসিসিআই এগিয়ে এসেছে ধোনির সমর্থনে। সংস্থাটি তৎপরতা চালাচ্ছে যাতে ধোনির গ্লাভস থেকে ওই চিহ্ন সরাতে না হয়। বিসিসিআই বলছে, ওই প্রতীকের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।

ধোনি যে প্রতীক ব্যবহার করেছিলেন সেটির অন্য নাম ‘বলিদান ব্যাজ’। যা দেশটির প্যারা কমান্ডোরা ব্যবহার করেন।

বিসিসিআই কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস-এর প্রধান বিনোদ রাই সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ধোনির ওই ‌গ্লাভসে ওই চিহ্ন নিয়েই খেলতে পারবেন। কেননা ওটা সেনাবাহিনীর চিহ্ন নয়। তিনি জানান, বিসিসিআই আইসিসির থেকে এ জন্য অনুমতি চেয়েছে।

বিনোদ রাই বলেন, ‘‘বিসিসিআই আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিষয়টা মিটিয়ে নিতে। আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা কোনো বাণিজ্যিক, ধর্মীয় বা সেনাবাহিনীর চিহ্ন পরে খেলতে পারবেন না। এর মধ্যে কোনো বাণিজ্যিক বা ধর্মীয় ব্যাপারও নেই, যত দূর আমরা জানি।’’

বিনোদ রাই আরো বলেন, ‘‘অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি আইসিসির সঙ্গে এই ব্যাপারে আলাপ-আলোচনা করতে বসবেন।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত