লন্ডনে দুই সমকামী নারীকে মেরে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে।
৩০ মে লন্ডনের একটি রাতের বাসের যাত্রী ছিল ওই দুই নারী। এ সময় বেশ কয়েকজন পুরুষ তাদের ঘিরে ধরে। প্রকাশ্যে চুমু খেতে বলে তারা। তবে এতে রাজি না হওয়ায় তাদের মারধর করা হয়।
হামলার শিকার ম্যালেনিয়া জেমোনা (২৮) বিবিসিকে এ বিষয়ে বিস্তারিত জানান।
এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানায়। তাদের হাতে ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ আছে বলেও জানায় পুলিশ।
ম্যালেনিয়া অভিযোগ করেন, সেদিন রাতে তারা বাসে ক্যামডেন শহরের দিকে যাচ্ছিলেন। তখন বেশ কয়েকজন তাদের ঘিরে বিভিন্ন অশ্লীল মন্তব্য করেন।
তিনি বলেন, দুর্বৃত্তরা তাকে এবং তার বান্ধবীকে ঘিরে যৌন আক্রমণ করেন। তাদের প্রকাশ্যে চুমু খেতে বলেন। বিষয়টি বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেও লাভ হয়নি।
এরপর দুর্বৃত্তরা তাদের মেরে রক্তাক্ত করেন বলে জানান ওই তরুণী।
ধারণা করা হচ্ছে আক্রমণকারী ব্যক্তিরা সমকামীবিরোধী।
