মাগুরা সদরের মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় মোটরসাইকেল আরোহী বাবা ও শিশু সন্তান নিহত হয়েছে।
নিহতরা হলেন কৃষ্ণ বিশ্বাস (৩৫) ও তার ছেলে শ্যামা বিশ্বাস (৫)।
নিহত কৃষ্ণ বিশ্বাস পেশায় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। এ ঘটনায় কৃষ্ণ বিশ্বাসের স্ত্রী নিলিমা বিশ্বাস (৩২) আহত হয়েছেন।
মাগুরা সদর থানার এসআই গিয়াস উদ্দিন জানান, শুক্রবার রাত ৮টার দিকে কৃষ্ণ বিশ্বাস তার স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে সদরের আলমখালি থেকে মাগুরায় আসছিলেন। এ সময় ঘটনাস্থালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, ঘটনাস্থলেই বাবা কৃষ্ণ বিশ্বাস ও ছেলে শ্যামা বিশ্বাস নিহত হয়। এ সময় তার স্ত্রী নিলিমা বিশ্বাস গুরুতর আহত হন। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নিলিমা বিশ্বাস পেশায় মাগুরা সদর হাসপাতালের একজন স্টাফ নার্স। নিহত কৃষ্ণ বিশ্বাসের বাড়ী সদরের লক্ষ্মীকান্দর গ্রামে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তাদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
