ঢাকামুখী যাত্রীদের ঢল কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে

আপডেট : ০৯ জুন ২০১৯, ০৩:১০ পিএম

ঈদ শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাঁঠালবাড়ি নৌরুট হয়ে কর্মস্থল ঢাকায় ছুটছেন নগরবাসী। রোববার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ চোখে পড়ার মতো। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে লঞ্চ ও স্পিডবোটে উঠছেন কর্মজীবী মানুষ।

এদিকে অতিরিক্ত যাত্রী ও যানবাহন সামাল দিতে তৎপর রয়েছে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মাদারীপুরের কাঁঠালবাড়ি লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ’র পরিদর্শক আক্তার হোসেন জানান, লঞ্চ ও স্পিডবোটে বাড়তি ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। এজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিমও কাজ করছে সার্বক্ষণিক।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক উত্তম কুমার শর্মা বলেন, ঘাটে যাত্রী ও যানবাহনের ভিড় সামলাতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত