বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের শাস্তি একদিন কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, এই নাম নিতেও ঘৃণা লাগে।
‘আজ হোক কাল হোক এক দিন না একদিন তার (তারেক রহমান) শাস্তি কার্যকর হবে।’
রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করে শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। তিনি ওই সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমানকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রশ্নে শেখ হাসিনা একুশে আগস্ট হত্যা মামলার প্রসঙ্গ আনেন। ওই মামলায় ঘোষিত রায়ে তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
শেখ হাসিনা বলেন, ওই একুশে আগস্টের হামলায় আইভি রহমানসহ ২৮ জন মানুষ নিহত হন। শতাধিক মানুষ আহত হন। শুধু একুশে আগস্ট নয়, ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গেও যুক্ত সে (তারেক রহমান)।
শেখ হাসিনা বলেন, এসব ব্যক্তির জন্য অনেকের মায়াকান্না দেখছি। আমরা যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছি। তবে ওরা অনেক টাকার মালিক। সব সময় চেষ্টা করে ঝামেলা সৃষ্টি করার। আমি সেখানে গেলেও ঝামেলা সৃষ্টি করতে চায়। তবে যাই হোক, তার শাস্তি কার্যকর হবে।
