হৃতিক রোশানের বড় বোন সুনয়না রোশান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। আগামী ২৪ ঘণ্টা তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। তিনি 'বাইপোলার ডিসঅর্ডারে' আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
একটি জনপ্রিয় ভারতীয় সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরে সুনয়না রোশানের মানসিক অবস্থার ক্রমাগত অবনতি হয়েছে। তার অসুস্থতা নিয়ে চিন্তিত গোটা রোশন পরিবার।
'বাইপোলার ডিসঅর্ডার' এমন একটি মানসিক অবস্থা যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে হাইপোম্যানিয়া ও অবসাদ। এই রোগে আক্রান্ত রোগীর মানসিক অবস্থা মাঝে মধ্যেই পরিবর্তন হতে থাকে। যেমন কখনও এ ধরনের রোগীরা অসম্ভব প্রাণবন্ত থাকেন। চরম উৎসাহ, উদ্দীপনায় ভয়ংকর রকম বাড়াবাড়ি সাহস দেখাতেও পিছপা হন না। আবার কখনো এই রোগীরা এতটাই অবসাদগ্রস্ত হয়ে পড়েন- তখন তারা একাকিত্বে ভোগেন, তখন চারপাশে কোনও কিছুই তাদের ভালো লাগে না। এরা স্বাভাবিক চিন্তাভাবনা করতে পারেন না। স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসে। রাতে নানান চিন্তায় ঘুমোতে পারেন না। নিজেকে উদ্দেশ্যহীন মনে হয়। এমনকি আত্মহত্যা করার প্রবণতাও দেখা যায় এদের মধ্যে।
ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানায়, ২০১৭ অসম্ভব মোটা থেকে রোগা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন সুনয়না রোশান। তাকে নিয়ে বেশ খুশি ছিল তার পরিবার। তিনি ক্যানসারে আক্রান্ত হন। সে সময় তিনি অবসাদগ্রস্ত অবস্থা কাটিয়েও উঠেছিলেন। তার সেই লড়াই নিয়ে সংবাদমাধ্যমের কাছে সুনয়না রোশান বলেছিলেন, ''জীবনের লড়াইয়ে আমার পরিবার সব সময়ই আমার পাশে থেকেছে। তবে আসল লড়াইটা লড়তে হয় নিজেকেই। একের পর এক বাধা অতিক্রম করতে হয়। '' সেসময় তিনি আরও বলেছিলেন, ''জীবন ভীষণই সুন্দর, তাই চোখের জল ফেলে জীবনটা নষ্ট করা উচিত নয়। ''
