রাজধানীর শনির আখড়ার একটি বহুতল ভবনে অবস্থিত বেসরকারি এক্সিম ব্যাংকে বিস্ফোরণে দেয়াল ধসে ফরিদ আহমেদ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালের এ ঘটনায় আহত তিন
পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে ব্যাংকটির কেউ আহত হননি।
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর দেশ রূপান্তরকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়ার আরএস টাওয়ারের পাশে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের পর দেয়াল ধসে পড়ে। ওই ভবনে এক্সিম ব্যাংকের শনির আখড়া শাখা রয়েছে। বিস্ফোরণের কারণ রাত ৮টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। সেখান থেকে এসির বিস্ফোরিত অংশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, নিহত পথচারী ফরিদ আহমেদ পেশায় টুপি ব্যবসায়ী। তিনি কদমতলীর রসুলপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। রিকশায় করে পাশের সড়ক দিয়ে কাঁচাবাজারে যাচ্ছিলেন ফরিদ। দেয়াল ধসে কয়েকটি ইট তার মাথায় পড়লে তিনি আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
