ভারতের পাঞ্জাবের সাঙরুর জেলার ঘটনা। ২ বছরের এক শিশুকে চার দিনের বেশি, প্রায় ১১০ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয় গভীর কুয়া থেকে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ৫টার দিকে পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের সহায়তায় কুয়া থেকে উদ্ধার করা হয় ছোট্ট ছেলেটিকে। তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
সাঙরুর জেলার ভগবানপুরা গ্রামেই তার বাড়ি। সেখানেই ঘটেছে ভয়াবহ এই ঘটনা।
সাঙ্গরুর জেলার ডেপুটি পুলিশ কমিশনার ঘনশ্যাম থোরি জানান, অনেক চেষ্টার পর উদ্ধার করা হয় ফতেবীর সিং নামের শিশুটিকে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে এখনো কিছুই জানানো হয়নি।
সোমবারই তিন বছরে পা দিয়েছে ছোট্ট ফতেবীর। জন্মদিন তার কেটেছে ভয়ে, ১৫০ ফুটের ওই গভীর গর্তের ভেতরে।
দীর্ঘদিন ধরে ওই কুয়া ব্যবহার করা হতো না। বৃহস্পতিবার বাড়ির সামনে খেলতে খেলতে অব্যবহৃত, বেশ চওড়া, ১৫০ ফুট গভীর ওই কুয়ার ভেতরে পড়ে যায় ফতেবীর।
গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করেও পুলিশ, গ্রামবাসীরা ও বেশ কিছু স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার থেকে লাগাতার ওই শিশুর খোঁজে নামে। শেষ পর্যন্ত তারা সফল হয়।
