স্মার্টফোন থেকে এক সপ্তাহ দূরে থাকতে পারলেই মিলবে ১ হাজার ডলার পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৮৪ হাজার টাকা।
ফ্লিপ ফোন বাজারে আসার ৩০তম বছর উপলক্ষে এমন অফার দিয়েছে ফ্রন্টিয়ার কমিউনিকেশনস নামে একটি মার্কিন ফোন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউইয়র্ক জানায়, ‘ফ্লিপ ফোন চ্যালেঞ্জ’ নামের বিশেষ এ কার্যক্রম চালু করেছে ফ্রন্টিয়ার কমিউনিকেশনস। এ পুরস্কার পেতে সপ্তাহ জুড়ে স্মার্টফোনের বদলে চালাতে হবে ফ্লিপ ফোন ।
এ চ্যালেঞ্জে অংশ নিতে হলে প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। এতে আবেদনকারীকে ২০০ শব্দে ব্যাখ্যা করতে হবে কেন সে চ্যালেঞ্জটি নিতে চায়।
পছন্দসই উত্তরের ভিত্তিতে ফ্রন্টিয়ার একজনকে বাছাই করে নিবে। নির্বাচিত ব্যক্তিকে টানা ৭ দিন স্মাটফোন ছাড়া কাটাতে হবে।
এ সময় যাতে তার ওপর যাতে বিরক্তি ভর না করে সে ব্যবস্থাও রাখা হয়েছে। সে জন্য তাকে একটি উপহারের ব্যাগও দেবে ফ্রন্টিয়ার। যাতে থাকবে ৯০ দশকের সিডি, ফোনবুক, নোটপ্যাড, পেন ও ম্যাপ।
স্মার্টফোন ছাড়া কেমন কাটছে তার যাবতীয় তথ্য নেওয়া হবে প্রতিদিন। যেমন ফ্লিপ ফোনে ই-মেইল চেক করতে কত সময় লেগেছে, কতবার গুগলের ঢোকার প্রয়োজন অনুভব করেছেন সেসব জেনে নেওয়া হবে।
এ ছাড়া তিনি কত ঘণ্টা ঘুমালেন, কাজের পরিমাণ বাড়ল না কমলো তাও টুকে রাখা হবে।
ফ্রন্টিয়ারের দাবি, প্রতিযোগীর দেওয়া তথ্য তারা গোপন রাখবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৮ বছরের ওপরে যে কোনো স্মার্টফোন ব্যবহারকারী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে তারা জানিয়েছে।
