সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তিনি যোগ দিলেন ক্যাশ অ্যান্ড রকেটের রোড ট্রিপে।
চলতি বছরের শুরুতে ২৭ বছরের অ্যামি জ্যাকসন বিয়ে করেন প্রেমিক জর্জ পানাইয়োতুকে। একই সঙ্গে জানিয়েছিলেন আরেকটি সুখবর। শিগগিরই তিনি মা হতে চলেছেন।
সম্প্রতি ইউরোপের রোড ট্রিপে অংশ নেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামেও শেয়ার করেন।
ক্যাপশনে লেখেন, “প্রথমে এই রোড ট্রিপের কথা শুনে সবাই ভেবেছিলেন আমার মাথা খারাপ হয়ে গেছে। এই রোড ট্রিপ আমার হৃদয়ের খুব কাছের। হবু মা হিসেবে আমি এমন কিছু করতে চাই- সেই সব মা ও শিশুদের জন্য যারা জীবনে স্বাচ্ছন্দ্য দেখেননি।”
মূলত চার দিনের এই রোড ট্রিপের মাধ্যমে ইউরোপের চারটি শহরে ভ্রমণ করেন অংশগ্রহণকারীরা। যেখানে দেখা যায় ফ্যাশন ও গ্ল্যামার জগতের অনেক মুখ। তখন তারা সুবিধাবঞ্চিতদের জন্য একটি তহবিল গঠন করেন।
অ্যামি জ্যাকসনের জন্ম যুক্তরাজ্যে হলেও ভারতীয় চলচ্চিত্রে তিনি খুবই পরিচিত মুখ। হিন্দি ছবির পাশাপাশি একাধিক তামিল, তেলুগু এবং কন্নড় ছবিতে অভিনয় করেছেন তিনি।
