হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রি-বোর্ডিং চেকিং গেটে বেল্ট খুলতে বলায় প্যান্ট খুলে ফেলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের সিনিয়র কেবিন ক্রু মো. শাহফিকুর রহমান!
বুধবার এমন পরিস্থিতি সৃষ্টি হয়।
জানা গেছে, মো. শাহফিকুর রহমানকে বেল্ট খুলতে বলা হয়। তখন উত্তেজিত হয়ে তিনি জামা-প্যান্ট খুলে ফেলেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। পরে তাকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির সদস্যদের হেফাজতে নেওয়া হয়।
শেষমেষ মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয় ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকাল ১১টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রি-বোর্ডিং চেকিং গেটে শাহফিকুর রহমানকে আর্চওয়ের মাধ্যমে প্রবেশের অনুরোধ জানান দায়িত্বরত আনসার সদস্য। নিয়মমাফিক মোবাইল ফোন, মানিব্যাগ, কোট, ঘড়ি, জুতা খুলে এক্স-রে মেশিনে স্ক্রিনিংয়ের জন্য ট্রেতে রাখেন তিনি। তাকে কোমরের বেল্ট খুলে ট্রেতে রাখতে বলা হয়। তখনই উত্তেজিত হয়ে শাহফিকুর রহমান জামা ও প্যান্ট খুলে ফেলেন!
পরবর্তী সময়ে তাকে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা ভেতরে প্রবেশ করতে না দিয়ে সেখান থেকে সরিয়ে নেন।
পরে জিজ্ঞাসাবাদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের সিনিয়র কেবিন ক্রু মো. শাহফিকুর রহমানকে এভসেক কন্ট্রোল রুমে আনা হয়।
