পটুয়াখালীর কুয়াকাটায় ‘দৈনিক যুগান্তর’ প্রতিনিধিকে হত্যা চেষ্টার অভিযোগে কুয়াকাটা পৌর মেয়র, লতাচাপলি ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান-এর আদালত বুধবার মামলাটি আমলে নিয়ে ওসি মহিপুরকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
দৈনিক যুগান্তর কুয়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লব এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ জানুয়ারী ২০১৯ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার ২য় পৃষ্ঠার ২য় কলামে ‘পুলিশের কেনা কোড়াল মাছ কেড়ে নিলেন মেয়র’ শিরোনামে সংবাদ ছাপা হওয়ার পর মেয়র ওই সাংবাদিকের উপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়। এর পরে লতাচাপলি ইউনিয়ন পরিষদের এক সভায় মেয়র তার সহোদর লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনছার মোল্লাকে সংশ্লিষ্ট সাংবাদিকের নাম উল্লেখ করে তার সাংবাদিকতার পেশা স্তব্ধ করার হুকুম দেয়।
পরে ১০ জুন রাত ৯টার দিকে আলিপুর চৌরাস্তায় দৈনিক যুগান্তর অফিস কক্ষের সামনে আসামিরা অশ্লীল ভাষায় ডাক চিৎকার করতে থাকে। এসময় সাংবাদিক বিপ্লব তার অফিস ঘর থেকে সামনে বের হওয়ামাত্র মেয়র পুত্র যুবলীগ নেতা মাসুদ মোল্লা পাইপ দিয়ে বিপ্লবের মাথা লক্ষ্য করে আঘাত করলে স্থানীয় জামাল নামের এক যুবক বিপ্লবকে রক্ষা করতে এগিয়ে এলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা বিপ্লবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা অস্বীকার করে জানান, এটি স্থানীয় রাজনৈতিক বিরোধ। এছাড়া ১০ জুন রাতে ইউপি চেয়ারম্যান আনছার মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে।
মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের আদেশের কপি হাতে পেয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
