পোল্যান্ডে ১,০০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনে পিছু হটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সেনা মোতায়েনের এ ঘোষণা দেন ট্রাম্প।
তিনি জানান, জার্মানিতে আমেরিকার ৫২,০০০-স্ট্রং কন্টিনজেন্ট থেকে এই ১,০০০ সেনা পোল্যান্ডে মোতায়েন করা হবে। তারা ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করবে।
অবশ্য পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন থেকে পিছু হটেছেন ট্রাম্প। এই ঘাঁটি নির্মাণে ২০০ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব দিয়েছিল পোল্যান্ড।
বুধবার ওই সংবাদ সম্মেলনে সেনা ঘাঁটির নাম ‘ফোর্ট ট্রাম্প’ রাখারও প্রস্তাব করেন প্রেসিডেন্ট দুদা। ট্রাম্প বিষয়টিকে ‘খুবই চমৎকার’ আখ্যায়িত করলেও স্থায়ী ঘাঁটি স্থাপনে অনাগ্রহ দেখান। কার্যত রাশিয়া থেকে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়ার শঙ্কায় পিছু হটেন ট্রাম্প।
সাংবাদিকদের তিনি বলেন, “আমি স্থায়ী কিংবা স্থায়ী না করার বিষয়ে কিছু বলব না। এই ঘাঁটি নিশ্চিতভাবে একটি স্মারক (স্টেইটমেন্ট) হবে।”
এক বছরেরও কম সময়ের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফর করছেন প্রেসিডেন্ট দুদা। সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার ২০ বছর এবং দেশটিতে সমাজতন্ত্রের পতনের ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে পোল্যান্ড প্রেসিডেন্ট এই সফর করছেন।
