ঢাবি সিনেটে মনোনীত ছাত্রলীগের শোভন-সঞ্জিত, আপত্তি নুরের

আপডেট : ১৩ জুন ২০১৯, ০৭:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ  থেকে পাঁচ সিনেট সদস্য নির্বাচিত হয়েছে। এতে ডাকসুর বাইরে সিনেটের সদস্য হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

পাঁচ সিনেট সদস্যের অন্যরা হলেন, ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার।

এদিকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে কারো সঙ্গে আলোচনা না করে একচেটিয়া সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন নুরুল হক নুর।

সিনেট সদস্য হিসেবে তাদের মনোনীত করার চিঠি বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। ২৬ জুন প্রথমবারের মতো তারা সিনেট অধিবেশনে যোগ দেবেন।

ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসু থেকে পাঁচজন সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে প্রেরণের নিয়ম রয়েছে।

জানতে চাইলে ডাকসু ভিপি নুরুল হক নুর দেশ রূপান্তরকে বলেন, ডাকসুর সদস্য বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। এটা ছাত্রলীগ এবং  বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে একচেটিয়াভাবে করেছে। ক্যাম্পাসে আরো ছাত্রসংগঠন রয়েছে। তাদের থেকে ও নিতে পারত। তাহলে সিনেটে সর্বজনীন উপস্থিতি থাকত। তাই আমি এই ফাইলে সাইন করিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত