২০১৯-২০ প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে সমাবেশ ডেকেছে সারা দেশের নাট্যসংগঠনের প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আজ শনিবার বিকেল ৫টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে এই প্রতিবাদ সমাবেশে দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল চন্দন রেজা দেশ রূপান্তরকে বলেন, ‘এবারের বাজেট সংস্কৃতি খাতের জন্য মোটেও সন্তোষজনক হয়নি। বিষয়টি নিয়ে সংস্কৃতিকর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে। গ্রুপ থিয়েটার ফেডারেশনের এই আয়োজনের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাব সংশোধিত বাজেটে যেন সংস্কৃতি খাতের জন্য মূল বাজেটের ১ শতাংশ বরাদ্দ রাখা হয়।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ৫১০ কোটি, সংশোধিত বাজেট ছিল ৬২৫ কোটি টাকা।
অন্যদিকে তথ্য মন্ত্রণালয়ের বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে গতবার প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ১৬৫ কোটি, সংশোধিত বাজেট ছিল ৯২৮ কোটি টাকা। এবারের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৯৮৯ কোটি টাকা।
