গাছে বেঁধে গৃহবধূ নির্যাতনের ঘটনায় নকলা থানার ওসি প্রত্যাহার

আপডেট : ১৫ জুন ২০১৯, ০২:৫১ পিএম

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে ডলি খানম নামের গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম শনিবার দুপুরে ওসিকে প্রত্যাহারের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু ১৮ জুন নকলা উপজেলা নির্বাচন সেহেতু নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্রই তাকে নকলা থানা থেকে সরিয়ে নেওয়া হবে। এর আগে গতকাল একই অভিযোগে ওই থানার এসআই মো. ওমর ফারুককে প্রত্যাহার করে নেওয়া হয়।

উল্লেখ্য, নকলা পৌর শহরের কায়দা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. শফিউল্লাহর সঙ্গে এক খণ্ড জায়গা নিয়ে তার বড় ভাই আবু সালেহ (৫২), নেছার উদ্দিন (৪৮) ও সলিম উল্লাহর (৪৪) বিরোধ ও দেওয়ানী মোকদ্দমা চলছিল।

গত ১০ মে সকালে ওই এলাকার গোরস্থান সংলগ্ন শফিউল্লাহর স্বত্বাদখলীয় জমির ইরি-বোরো ধান আবু সালেহ ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে কাটতে গেলে শফিউল্লাহ বাধা দেয় বলে অভিযোগ নির্যাতিতা নারীর। পরে প্রতিপক্ষের ধাওয়ায় সেখান থেকে চলে গেলে আবু সালেহর নেতৃত্বে একদল লোক ধান কাটতে শুরু করে। শফিউল্লাহর স্ত্রী ডলি খানম ডাক-চিৎকার দিয়ে বাধা দিতে গেলে আবু সালেহর হুকুমে তার ছোট ভাই সলিমউল্লাহ, ভাই বউ লাখী আক্তারসহ অন্যান্যরা তাকে ঘেরাও করে ফেলে। এক পর্যায়ে তার চোখেমুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে তাকে টানা-হেঁচড়া করে পাশের ক্ষেতের আইলে থাকা ইউক্যালিপটাস গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।

এক মাস পর ১০ জুন সোমবার বিভিন্ন গণমাধ্যমে ওই নির্যাতনের ভিডিওচিত্রসহ খবর প্রকাশিত-প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত