নিখোঁজের ৩ দিন পর অর্ধ গলিত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০১৯, ০৮:২১ পিএম

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয় । নিহতের বাড়ির পাশের বাঁশ বাগানের গর্ত থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী সাজেদুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। নিহত শিশু মরিয়ম উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে জামসুর মেয়ে বলে জানা যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়ি বামনগাড়া গ্রামের গফুরের বাঁশ বাগানের গর্ত থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।

গত ১৪ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মা আছিয়া বেগমের কাছে ৫টাকা চাইলে খুচরা না থাকায় টাকা না দিলে গেট খুলে কাঁদতে কাঁদতে দৌড়ে রাস্তায় যায়। পনেরো থেকে বিশ মিনিট পর মাগরিবের আজান দিলে তার মা তাকে খোঁজতে বের হয়। আশ-পাশে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে শিশুটিকে আর পাওয়া যায়নি।

১৫ জুন শনিবার শিশুটির বাবা নিজাম উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আস-পাশের বাড়ি-ঘর, বন-জঙ্গলে খুঁজতে থাকেন। এসময় পার্শ্ববর্তী গফুরের বাঁশ বাগানের গর্ত থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণ করার পর হত্যা করা হতে পারে বলে স্থানীয়রা মনে করেন। তবে লাশের চোখ অনেকটা বেড় হয়ে আছে। চোখের নিচে গালে বড় ধরনের আঘাতের চিহ্ন আছে।

তাছাড়া হত্যার পর লাশটি পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল বলে মনে করেন স্থানীয়রা।

নিহত শিশুর মা আছিয়া বেগম জানান, তার কন্যাকে পাশবিক নির্যাতন করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে  তাদের ফাঁসি চান তিনি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য বের হবে। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত