রামসাগর জাতীয় উদ্যানে রাতে কাঠ পাচারকালে গাড়িসহ আটক

আপডেট : ১৬ জুন ২০১৯, ১০:২৬ পিএম

দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান থেকে রাতের অন্ধকারে বন বিভাগের গাড়িতে কাঠ পাচারকালে স্থানীয় জনতা গাড়িসহ কাঠ আটক করে পুলিশে দিয়েছে।

রামসাগরের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন এই কাঠ পাচারের সাথে জড়িত এবং অনেক দিন থেকেই এই কাঠ পাচার করে আসছিল বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় বন বিভাগের পিক-আপে করে বেশ কিছু মিনজিরী ও আকাশমণি গাছের কাঠ উদ্ধার করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় এলাকাবাসী।

গাছের গাড়ি আটককারী অভিযোগ করে বলেন, রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন বিভিন্ন সময় সরকারি গাছ রাতের অন্ধকারে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আসবাবপত্র বানিয়েছেন। আমরা অনেকবার ধরার চেষ্টা করলেও তাকে ধরতে পারিনি। তবে গত শনিবার রাতে যখন পিকআপে করে গাছ নিয়ে যাচ্ছিল তখন হাতেনাতে আমরা এলাকাবাসী পিকআপ ভ্যানটি আটক করি।

এলাকাবাসী আরও জানায়, গাড়ি চালক কোরবান আলীকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য না দিলে আমরা আটককৃত গাড়িসহ থানা পুলিশের হাতে হস্তান্তর করি এবং বিভাগীয় বন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।

অভিযুক্ত রামসাগরের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন বলেন, দিন কয়েক পূর্বে ঝড়ে এই মিনজিরী গাছ গুলো ভেঙে চলাচলের রাস্তায় পড়ে ছিল। সেই ঝড়ে ভেঙে পড়া গাছগুলো হেড অফিসে আনা হচ্ছিল। এলাকাবাসীর চাপে গাড়ির চালক কাঠ গুলো স’মিলে আনার কথা বলেছে। প্রকৃতপক্ষে আমি তাকে কাঠগুলো দিনাজপুর বন বিভাগের অফিসে নিয়ে আসতে বলেছিলাম।

এ বিষয়ে দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, গাছ আটকের বিষয়টি এলাকাবাসী আমাকে জানালে আমি তৎক্ষণাৎ সহকারী বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে ঘটনাস্থলে যাবার নির্দেশ প্রদান করি। পরে নিজেই ঘটনাস্থলে পৌঁছে ঝড়ে ভেঙে যাওয়া গাছের টুকরা জব্দ করে গাড়িসহ কোতোয়ালি থানার এসআই বাবুল আক্তারের কাছে হস্তান্তর করি।

তিনি আরো বলেন, বিষয়টি তদন্ত করার জন্য সহকারী বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তদন্তের নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আগামী ১ সপ্তাহের মধ্যে হাতে এলে সেই প্রতিবেদন ঢাকায় প্রেরণ করা হবে। যদি রামসাগরের তত্ত্বাবধায়ক অভিযুক্ত হন তাহলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী থানায় এজাহার দাখিল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত