ইংল্যান্ডে মাঠের ব্যবস্থা নিয়ে বিরক্ত সাঙ্গাকারা

আপডেট : ১৭ জুন ২০১৯, ১২:০৬ এএম

ইংল্যান্ডের চলতি বিশ্বকাপ নিয়ে সমালোচনার ঝড় বইছে। টানা বৃষ্টিতে রেকর্ড সংখ্যক চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে রবিবার পর্যন্ত। এর আগে কোনো বিশ্বকাপে এত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যদি মাঠের লড়াইটাই না হয় তবে ক্রিকেট সমর্থক হিসেবে যে কেউ বিরক্তি প্রকাশ করবেন। আর তিনি যদি সাবেক ক্রিকেটার হন তবে কপালে বিরক্তির ভাঁজটা আরও সংকুচিত হবে। তাই হলো কুমার সাঙ্গাকারার। চলতি বিশ্বকাপে আয়োজকদের দায়িত্ব নিয়ে ক্ষোভ ঝরল তার কণ্ঠে।

ইংল্যান্ড কন্ডিশন নিয়ে বিরক্তি থাকলেও কিছু করার নেই। বৃষ্টির ওপর কারও হাত নেই। কিন্তু বৃষ্টি থামলেও ম্যাচ শুরু না হওয়া মানা যায় না। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে টানা বৃষ্টি না থাকলেও ভেজা মাঠের জন্য ম্যাচ হয়নি। এ নিয়ে সাঙ্গাকারা জানান, ‘ইংল্যান্ডের মাঠগুলোর ড্রেনেজ ব্যবস্থা খুব বাজে। এক জায়গায় এক রকম তো অন্য জায়গায় ভিন্ন। আয়োজকদের আরও দায়িত্ববান হওয়া উচিত। ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিনের আলোতেই পরিত্যক্ত হলো মাঠ প্রস্তুত না থাকায়। অথচ সাউদাম্পটনে সপ্তাহজুড়ে বৃষ্টি হলেও রোজবোলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঠিকই হয়েছে। কারণ ওই দিন বৃষ্টি হয়নি আর মাঠটির ড্রেনেজ ব্যবস্থা ভালো। এটা হওয়া উচিত না, এটা খুবই হতাশাজনক ও বিরক্তিকর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত