কোপায় উড়ন্ত শুরু উরুগুয়ের, প্যারাগুয়েকে রুখে দিল কাতার

আপডেট : ১৭ জুন ২০১৯, ১১:৪১ এএম

একুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে আসরের অন্যতম ফেভারিট উরুগুয়ে। অন্যদিকে তাক লাগানো পারফরম্যান্স দেখিয়েছে আমন্ত্রিত দল কাতার। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে ২০২২ বিশ্বকাপের আয়োজকরা।

ব্রাজিলের বেলো হরিজন্তে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘সি’ গ্রুপের ম্যাচে একুয়েডরকে ৪-০ গোলে হারায় উরুগুয়ে। ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই লুইস সুয়ারেসের পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন নিকোলাস লোদেইরো।

বিরতির আগে আরও এদিনসন কাভানি ও লুইস সুয়ারেস গোলের দেখা পেলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে। ৩৩তম মিনিটে দিয়েগো গদিনের হেডে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন স্ট্রাইকার কাভানি।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে গোলের দেখা পান বার্সেলোনার তারকা স্ট্রাইকার সুয়ারেস। কর্নার থেকে মার্টিন কাসেরেনের কাছ থেকে বল পেয়ে ছয় গজ দূর থেকে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী থেকে অপর গোলটি পায় উরুগুয়ে। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে বসেন একুয়েডরের ডিফেন্ডার আর্থার মিনা।

বোরবার রাতে ‘বি’ গ্রুপের প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলেছে কাতার। রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্পট কিকে প্যারাগুয়েকে এগিয়ে নিয়ে যান স্ট্রাইকার অস্কার কারদোসো। ম্যাচের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড দের্লিস গঞ্জালেস।

সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ায় কাতার। ৬৮তম মিনিটে তারেক সালমানের পাসে একটি গোল শোধ করে ম্যাচ জমিয়ে তুলেন ফরোয়ার্ড আলময়েজ আলি। ৭৭তম মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো রোজাস নিজেদের জালে বল জড়িয়ে বসলে রোমাঞ্চকর ড্র নিশ্চিত হয় কাতারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত