সাকিব আল হাসানের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্যে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসরে টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন সাকিব। তার হাতেই জয়ের মশাল।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩২.২ ওভারে ২৩০/৩। সাকিব ৯৪ ও লিটন দাস ৩৪ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্যে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও সৌম্য সরকার যোগ করছেন ৫২ রান। এরপর তামিমের সঙ্গে সাকিব আল হাসানের ৬৯ রানের জুটিতে শক্ত ভিত পায় টাইগাররা।
কিন্তু দারুণ শুরুর পর হতাশা হয়ে আসে তামিমের আউটটা। রান আউটে কাটা পড়ে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। এরপর ফিরে গেলেন মুশফিকুর রহিমও। ব্যক্তিগত ১ রানে ওশানে থমাসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। তাতে ১৯ ওভারে ১৩৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
১৮তম ওভারে দলীয় ১২১ রানে রান আউটে কাটা পড়েছেন তামিম। শেলডন কটরেলের বলটা স্ট্রেট ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম। বলটা সোজা চলে আসে বোলার কটরেলের হাতে। দুর্দান্ত ফলো থ্রোতে উইকেট ভেঙে দেন তিনি। ৫৩ বলে ৬ চারে ৪৮ রান করে ফিরেছেন তামিম।
এর আগে সৌম্য সরকার দারুণ শুরু পেয়েছিলেন। আন্দ্রে রাসেলের বলে ক্রিস গেইলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২৩ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেছেন সৌম্য।
টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে জিততে রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। ওয়ানডেতে এর আগে সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সেটি ২০১৫ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে।
