নরসিংদীতে কলেজছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীর সহপাঠী ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে উদয়ন কলেজের শিক্ষার্থী ও বীরপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী উদয়ন কলেজের পরিচালক মুকুল দাস, বীরপুর পূজাম-পের সভাপতি জিতেন্দ্র বর্মণ, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজন বর্মণ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার সময় দুই দুর্বৃত্ত ওই কলেজছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।
