বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধার না হওয়া ও এই ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীকে জবাবদিহির আওতায় আনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আলী আশরাফ বলেন, ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি হয়ে গেল। আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা-কর্মচারীকেও জবাবদিহির আওতায় আনা হলো না। এটা দুঃখের বিষয়। মানুষ আমাদের প্রশ্ন করে।
এ সময় খেলাপি ঋণ আদায়ের জন্য সব ধরনের প্রক্রিয়া প্রয়োগ করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ঋণ আদায়ের যত প্রক্রিয়া আছে সব প্রয়োগ করুন। দুর্ঘটনাক্রমে কেউ ঋণখেলাপি হলে একটা কথা থাকে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপি হলে তাদের ধরতে হবে। কেউ খেলাপি ঋণের টাকা দেশ থেকে পাচার করলে সেটা যদি ধরা পড়ে, তা হলে তারও রেহাই নেই।’
উপজেলা পর্যায়ে কর আদায়ের জন্য কর কর্মকর্তা নিয়োগের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এখনো পর্যন্ত দপ্তরও নেই, কর্মকর্তাও নেই। কবে আদায় করবেন ট্যাক্স? দেশ থেকে নানাভাবে অর্থ পাচার হয়েছে। আশা করি, অর্থ পাচার রোধে ইস্পাত কঠিন সংকল্প নিয়ে এগোবেন।
