পরিণীতি ‘না’ বলায় এই হিট সিনেমার নায়িকা হন দীপিকা

আপডেট : ১৯ জুন ২০১৯, ০৩:২০ পিএম

দীপিকা পাড়ুকোনের আলোচিত সিনেমা ‘পিকু’। ব্যবসায়িকভাবে সফল এই ভিন্ন ঘরানার সিনেমায় নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই গল্পের জন্য নির্মাতার প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া।

সম্প্রতি পরিণীতি নিজেই জানিয়েছেন কেন তিনি ‘পিকু’র প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন।

দীপিকার জুনিয়র এই নায়িকা খুবই বেছে বেছে ছবি করেন। কোনো চরিত্রের জন্য ‘হ্যাঁ’ বলার আগে ভালো করে ভাবনা-চিন্তা করেন। আবার একবার কোনো প্রজেক্টে কথা দিলে সরে আসেন না। আর সেই কারণেই হাতছাড়া হয়ে যায় ‘পিকু’। একটি চ্যাট শো-তে এই বিষয়ে মুখ খুলেছেন পরিণীতি।

প্রশ্ন করা হয়েছিল- এমন কোন কোন ছবি রয়েছে, যেগুলোর অফার ফিরিয়ে দিয়ে তিনি পরে আক্ষেপ করেছেন। তার মধ্যে প্রথমেই এসেছে ‘পিকু’র কথা।

পরিণীতি জানান, ওই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দ্বন্দ্বে পড়ে।  কারণ প্রায় একই সময়েই অন্য একটি ছবি করবেন বলে কথা দিয়েছিলেন। দুই ছবির শুটিং সামলাতে অসুবিধা হবে ভেবে ‘পিকু’ ছেড়ে দেন।

কিন্তু পরে অন্য ছবিটিও হয়নি। ওদিকে পরিণীতি প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার পরে সুজিত সরকার দীপিকার কাছে যান। তিনি প্রস্তাবটি এক কথায় লুফে নেন। সঙ্গে ছিলেন ইরফান খান ও অমিতাভ বচ্চনের মতো নামজাদা অভিনেতা।

‘পিকু’র বাজেট ছিল ৪২ কোটি। আর ব্যবসা করেছিল ১৪১ কোটি রুপির বেশি।

ছবিটি দেখার পরে বেশির ভাগ দর্শকেরই মনে হয়ে থাকতে পারে- পিকু চরিত্রে দীপিকা ছাড়া অন্য কোনো অভিনেত্রীকে কল্পনা করা যায় না। অথচ ঘটনা অন্যরকমও হতে পারতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত