নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লিপু নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইন্সপেক্টরসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত লিপু উপজেলার পিলকুনি এলাকার শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, নারী নির্যাতন, হত্যাচেষ্টা, ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।
জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রুমন জানান, ইন্সপেক্টর এনামুল হক লিপুকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে যায় ফতুল্লার দাপা বালুর মাঠের কাছে। এ সময় লিপুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সহযোগীরা। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন ইন্সপেক্টর এনামুল হক, এসআই কামরুল ইসলাম, কনস্টেবল নাদিম। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
