বিমান খুঁজে পাওয়ার পর ১৩ জন যাত্রীর মৃতদেহও খুঁজে পেয়েছে ভারতীয় বিমানবাহিনী।
দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অরুণাচল প্রদেশে ভেঙে পড়া বিমানটির ১৩ যাত্রীর দেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।
১৩ জনের মধ্যে ছয় জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং বাকি সাতজনের মৃতদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে।
গত ৩ জুন দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২। রাশিয়ায় নির্মিত বিমানটি আসামের জোড়হাট থেকে আকাশে ওড়ার ৩০ মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। অরুণাচল প্রদেশের মেনচুকায় যাচ্ছিল বিমানটি। আট দিন ধরে তল্লাশি অভিযানের পর ১২,০০০ ফুট উচ্চতায় শিয়াং ও শিয়োমি জেলার সীমানায় গাট্টে গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নিহতদের মধ্যে রয়েছেন উইং কমান্ডার জিএম চার্লস, স্কোয়াড্রন লিডার এইচ বিনোদ, ফ্লাইট লেফটেন্যান্ট এমকে গর্গ, ফ্লাইট লেফটেন্যান্ট এস মোহান্তি, ফ্লাইট লেফটেন্যান্ট এ তানওয়ার, ফ্লাইট লেফটেন্যান্ট আর থাপা, ওয়ারেন্ট অফিসার কেকে মিশ্র, সার্জেন্ট অনুপ কুমার, করপোরাল শেরিন, লিডিং এয়ারক্র্যাফটম্যান এস কে সিং এবং লিডিং এয়ারক্র্যাফটম্যান পঙ্কজ।
