টসে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ২০ জুন ২০১৯, ০৩:০৩ পিএম

এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন! এগিয়ে চলছে অসাধারণ ছন্দে। নিজেদের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন এই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে দলটির বিপক্ষে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হার এবং শ্রীলংকার সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগিতে শেষ চারের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ে তারা। কিন্তু টনটনে পঞ্চম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে অসাধারণ জয়ের পর ফের সেমিতে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।

অন্যদিকে, পাঁচ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান পাঁচে। পাঁচ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫। চতুর্থস্থানে থাকা ভারতের পয়েন্ট চার ম্যাচে ৭।

ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর অনেকটা জিমিয়ে পড়েছিল বাংলাদেশ শিবির। তবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এসব সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে তারা। সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষেও তা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, চলতি টুর্নামেন্টে সেরাদের মত দাপট দেখিয়ে খেলছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিসের ইনজুরিও দমাতে পারছে না তাদের। যদিও তাদের উইকেটকিপার অ্যালেক্স কারি বলেছেন, এই টুর্নামেন্টে তারা এখনো সেরা খেলাটা খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের গতিময় বল মোকাবেলা করা খুবই কঠিন এক কাজ। দুই ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দলকে বরারব ভালো সূচনা এনে দিচ্ছেন। মিডল অর্ডারে প্রতিপক্ষের বোলারের আতঙ্ক হয়ে দেখা দিচ্ছেন স্টিভ স্মিথ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত