আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। অপরদিকে, গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক তরুণ। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
কুমারখালীর ঘটনায় উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত আজম মুন্সী (৫৫) বাঁশগ্রাম কারিকর পাড়ার মৃত আইয়ুব মুন্সীর ছেলে।
এদিকে, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গাড়ি পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহানুর মিয়া (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলাবাজার এলাকায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহানুর উপজেলার রায়পুর গ্রামের বুরহান মিয়ার ছেলে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
