সামনে পাহাড় সমান টার্গেট থাকলেও ভড়কে যাননি মুশফিকুর রহিম। লড়েছেন বুক চিতিয়ে। হাঁকিয়েছেন হার না মানা শতক। তার পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটারও। বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যানকে অভিনন্দন জানিয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৩৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অজিদের কাঁপিয়ে দিয়েছিলেন মুশফিক। অস্ট্রেলিয়া জিতলেও অজি ক্রিকেটারদের মন জয় করে নিয়েছেন তিনি। চাপের মধ্যে থেকে করেছেন অপরাজিত সেঞ্চুরি। মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও মুশিকে অভিনন্দন জানিয়ে পিঠ চাপড়ে দিয়েছেন।
মুশফিকের সেঞ্চুরিটি তার ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম, বিশ্বকাপে প্রথম। নটিংহ্যামে শুরু থেকেই ব্যাট চালিয়ে টাইগারদের রানের চাকা সচল রাখেন মুশফিক। ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের ফুলার ডেলিভারি ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৯৫ বলে তিন অঙ্কের দেখা পান মুশফিক। এতে রয়েছে নয়টি চার ও একটি ছক্কা! শেষ পর্যন্ত ৯৭ বলে ১০২ রানে অপরাজিত থাকেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। অবশ্য ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪৮ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। নিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৭৮ রান। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯, ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রান করেন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১ রান।
