চলন্ত ট্রেনের টয়লেটে কিশোরীকে ধর্ষণের চেষ্টা!

আপডেট : ২১ জুন ২০১৯, ০৩:২৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক যুবককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার যুবক মমিনুল ইসলামের (২৬) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। তিনি একজন নির্মাণ শ্রমিক।

পুলিশ জানায়, শ্লীলতাহানির শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি সিরাজগঞ্জে। সে অষ্টম শ্রেণির ছাত্রী। রাজশাহীতে খালার বাসায় থেকে লেখাপড়া করে। নানি ও খালার সঙ্গে সে রাজশাহী যাচ্ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশন থেকে তারা ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। পথিমধ্যে রাত ৮টা ৪৫ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনটি থামার পর ওই কিশোরী ট্রেনের টয়লেটে ঢোকে।

তখন টয়লেটের সামনেই দাঁড়িয়েছিলেন অভিযুক্ত যুবক। কিশোরী টয়লেট থেকে বের হওয়ার জন্য দরজা খুললেই মমিনুল টয়লেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন আসা পর্যন্ত ওই কিশোরীকে টয়লেটে আটকে রেখে ধর্ষণের চেষ্টা চালায়।

ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার জানান, ট্রেনের শব্দের কারণে ওই কিশোরীর চিৎকার শোনা যায়নি। তবে যাত্রীরা লক্ষ্য করেন অনেকক্ষণ ধরেই টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ। তারা দরজায় ধাক্কা দিয়ে খুলতে বলেন। কিন্তু দরজা খোলা হচ্ছিল না।

একপর্যায়ে তারা ওই কিশোরীর চিৎকার শুনতে পান। পরে, পুলিশ গিয়ে টয়লেটের দরজা খুলতে বাধ্য করে। এ সময় কাঁদতে কাঁদতে ওই কিশোরী বেরিয়ে আসে।

তখন ট্রেনের যাত্রীরা মমিনুলকে মারধর শুরু করেন। এ সময় যাত্রীদের হাত থেকে উদ্ধার করে মমিনুলকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ সদস্যরা।

রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ সময় অভিযুক্ত যুবক, ওই কিশোরী এবং তার খালা ও নানিকে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঘটনাস্থল রেলওয়ের ঈশ্বরদী জিআরপি থানার অধীনে হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার ঢাকাগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে কিশোরীকে তার স্বজনসহ এবং অভিযুক্ত যুবককে ঈশ্বরদী জিআরপি থানায় পাঠানো হয়।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি আরও জানান, সিল্কসিটি ট্রেনে কিশোরী ধর্ষণের চেষ্টার ঘটনায় কিশোরীর খালা বাদী হয়ে মমিনুলকে আসামি করে শুক্রবার ভোরে মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত