অভিনয় শিল্পীদের নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ২১ জুন ২০১৯, ০৭:১৯ পিএম

উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়ে টানা ১টা পর্যন্ত চলেছে প্রথম ধাপের ভোট গ্রহণ। নামাজ ও লাঞ্চের বিরতির পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এখন ভোট গ্রহণ চলছে। রাত ১০টার ভেতরেই নির্বাচনের ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।

এদিকে ভোটগ্রহণ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলার একাডেমির প্রাঙ্গণ পরিণত হয়েছিল শিল্পীদের মিলন মেলায়। বয়োজ্যেষ্ঠ শিল্পী থেকে একেবারে তরুণ শিল্পীও হাজির হয়েছিলেন শিল্পকলা একাডেমিতে। সব বয়সী অভিনয়শিল্পীদের পদচারণায় মুখর ছিল শিল্পকলা প্রাঙ্গণ।

নির্বাচন কমিশনার খাইরুল আনাম সবুজ জানিয়েছেন ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল দারুণ।’

উল্লেখ্য, এবারের ভোট গণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৬শ’। মোট ৫২ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন। সেখান থেকে প্রাপ্ত ভোটে নির্বাচিত হবেন ২১ জন।

 

এবারের নির্বাচনে কোনো প্যানেল নেই। প্যানেল ছাড়াই উৎসবের আমেজে নির্বাচন হচ্ছে। এবার সভাপতি পদে লড়াই করছেন ৩ জন প্রার্থী। তারা হলেন শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান।

সহসভাপতির ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। এর মধ্যে রয়েছেন- আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু, তানিয়া আহমেদ ও দিলু মজুমদার। সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান।

দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।

অর্থ-সম্পাদকের একটি পদের জন্য লড়ছেন দুজন। তারা হলেন নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)।

দফতর সম্পাদক পদের জন্য লড়ছেন ৪ জন। তারা হলেন আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদকের ১টি পদের জন্য লড়ছেন ৩ জন। তারা হলেন স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।

আইন ও কল্যাণ সম্পাদকের ১টি পদের জন্য লড়ছেন শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য প্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল।

কার্যনির্বাহী ৭টি পদের জন্য লড়াই করছেন মোট ১৮ জন সদস্য। তারা হলেন- বন্যা মির্জা, রাজিব সালেহিন, জাকিয়া বারী মম, নুরুন জাহান বেগম, রেজাউল করিম সরকার, নাদিয়া আহমেদ, মাসুদ আলম তানভীর, মাহাদী হাসান পিয়াল, মুনিরা বেগম মেমী, ওয়াসিম হাওলাদার, জাহিদুল ইসলাম চৌধুরী, মাহাবুবুর রহমান মোল্লা, সনি রহমান, শামস সুমন, আবদুর রাজ্জাক, সামসুন নাহার শিরিন ও সেলিম মাহবুব।

উল্লেখ্য এর আগে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শহীদুল আলম সাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত