চুরির অপবাদ দিয়ে স্কুলছাত্রের হাত-পা ভেঙে দিলেন দোকানি

আপডেট : ২২ জুন ২০১৯, ১২:৩৫ পিএম

লক্ষ্মীপুরে রামগতিতে টাকা চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্র নিজাম উদ্দিনকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক খেলনা দোকানদারের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই স্কুল ছাত্রকে শুক্রবার সন্ধ্যায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত স্কুলছাত্র নিজাম উদ্দিন চরসেকান্তর সফিক একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্র এবং রামগতি পৌরসভার চর হাসান-হোসেন এলাকার আশরাফ আলীর ছেলে।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুজনা বেগম জানান, স্কুলছাত্রের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।

আহত স্কুল ছাত্রের বাবা আশরাফ আলী ও মা জানান, রামগতি পৌরসভার হাসান-হোসেন এলাকার খায়ের মাঝির খেলনা দোকান থেকে বুধবার বিকেলে কে বা কারা ১৫০ টাকা চুরি করে নিয়ে যায়। ওই টাকা চুরির অপবাদ দিয়ে স্থানীয় নুড়িয়া হাজিরহাট বাজার থেকে ওইদিন রাত ৯টার দিকে খায়ের মাঝি, তার ছেলে মনির হোসেন ও আবদুল করিম নিজাম উদ্দিনকে তার বাড়িতে ধরে নিয়ে যায়। পরে ঘরের ভেতর আটক করে হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে মারধর করে। বেদম মারধরের ফলে নিজাম উদ্দিনের একটি হাত ও পা ভেঙে যায়।

পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিনকে তাদের ভয়ে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা চালায় পরিবারের লোকজন। তার অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাত সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

নিজাম উদ্দিনের বাবা আশরাফ আলী বলেন, আমার ছেলে চুরি কি জিনিস জানে না, মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে খায়ের মাঝি ও তার দুই ছেলে বেদম পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি।

এ দিকে অভিযুক্তদের সঙ্গে বার বার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। শনিবার সকালে খায়ের মাঝির খেলনা দোকানটি বন্ধ পাওয়া যায়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক লোক মুখে ঘটনাটি শুনেছেন বলে দাবি করে জানান, এখনো এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত