রোগী দেখে ফেরার পথে নিজেই লাশ হলেন ডা. মোস্তফা

আপডেট : ২২ জুন ২০১৯, ০২:২৫ পিএম

রোগী দেখে ফেরার পথে নিজেই লাশ হলেন সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোহাম্মদ (৫২)। যশোরের বাগআচড়া থেকে সাতক্ষীরায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। 

শুক্রবার রাতে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআচড়ার কুচিমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর গ্রামে।

সাতক্ষীরা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন জানান, ডা. মোস্তফা নুর মোহাম্মদ বাগআচড়াস্থ ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলযোগে সাতক্ষীরায় ফিরছিলেন। বাগআচড়ার কুচিমোড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা শিশু হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাকির হোসেন বলেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে। আজ বাদ মাগরিব সাতক্ষীরা কোর্ট জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার মরহেদ নুরনগরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। পরবর্তী জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত