নতুন সিনেমার জন্য ‘হৃদয় থেকে সাড়া পাচ্ছি না’ বললেন শাহরুখ

আপডেট : ২২ জুন ২০১৯, ০৭:৩৯ পিএম
রাজকুমার হিরানির সঙ্গে তার আগামী ছবির গুজব ওড়ালেন শাহরুখ খান। স্পষ্ট করলেন, রাজকুমার বা ফারাহ খান-রোহিত শেট্টি কারও সঙ্গেই ছবি করছেন না বলিউড বাদশা। এখন কোনও ছবিতে হাত দেওয়ার কথা ভাবছেন না। শাহরুখের মন্তব্য, ‘হৃদয় থেকে সাড়া পাচ্ছি না’। 

শেষ ছবি ‘জিরো’-র বক্স অফিসে ভরাডুবির পর সিনেমা থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন এই অভিনেতা।

তবে সম্প্রতি শোনা যাচ্ছিল, পরবর্তী ছবির জন্য ‘থ্রি ইডিয়টস’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কথাবার্তা বলছেন শাহরুখ। কিন্তু, সেই জল্পনাও উড়িয়ে দিলেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘আমার কাছে এই মুহূর্তে কোনও ছবি নেই। সাধারণত একটা ছবি শেষ হওয়ার ৩-৪ মাসের মধ্যেই নতুন ছবি শুরু করে দিই। কিন্তু এবার আমার ইচ্ছাই হচ্ছে না। মন চাইছে না। আরও সময় নেওয়া উচিত বলে মনে করছি। সিনেমা দেখা, গল্প শোনা ও বই পড়া ইত্যাদিতে নিজেকে ব্যস্ত রেখেছি। এমনকি আমার ছেলেমেয়েরা এখনও কলেজে পড়ছে। মেয়ে কলেজে পড়ছে। ছেলের কলেজের পাঠ শেষ হতে চলেছে। তাই পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চাই।’

ফলে সঠিকভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না, কবে শাহরুখ ফের বড়পর্দায় ফিরবেন। ‘দিলওয়ালে’, ‘রইস’, ‘জিরো’ পরপর মুখ থুবড়ে পড়ে। অনেকেই বলছেন, তিনটি ছবি ফ্লপ হওয়ার পর মানসিকভাবে নিজেকে গুছিয়ে নিতে চাইছেন শাহরুখ।

সূত্র: বলিউড হাঙ্গামা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত