ছোটবেলায় মাকে বলতাম ‘বড় হলে নায়িকা হব’ : সাদিয়া নাবিলা

আপডেট : ২২ জুন ২০১৯, ০৮:৩৬ পিএম

বাংলাদেশের মেয়ে, অথচ প্রথম সুযোগটাই পেলেন বলিউডে! ভাবা যায়? কিন্তু এই অসাধ্য কাজটিই সাধন করেছিল অস্ট্রেলিয়া প্রবাসী মেয়েটি। অবশ্য তার দ্বিতীয় ছবি বাংলাদেশি প্রজেক্ট। এখন কাজ করছেন আলোচিত ছবি ‘মিশন এক্সট্রিম’-এ। নবাগত নায়িকা সাদিয়া নাবিলা জানালেন বেড়ে ওঠার গল্প, স্বপ্ন সফল হওয়ার গল্প। সে গল্প শুনলেন সুদীপ্ত সাইদ খান। 

শৈশব কৈশোরের গল্প...

৬ বছর বয়সেই প্রথমবারের মতো স্টেজে নাচের পারফরম্যান্স করেছিলাম। আমার সাংস্কৃতিক চর্চার শুরু সেখান থেকেই।  এরপর ভর্তি হয়ে যাই নাচ আর গানের একাডেমিতে। পড়াশোনায় সব সময় আল্লাহর রহমতে ভালো রেজাল্ট হতো। ফলে সংস্কৃতি চর্চা কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি।

পরিবার থেকে সাংস্কৃতিক চর্চায় কোনো সমস্যা হতো কিনা?

দেশে প্রচুর ক্রিয়েটিভ মানুষ আছে। যারা অনেক ট্যালেন্টেড কিন্তু এসব বিষয়ে তারা বাবা মার সাপোর্ট পায় না। আমার ক্ষেত্রে ছিল উল্টো। সব সময় বাবা মা-ই নানা শো আর কমপিটিশনের জন্য আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেন। তাই সংস্কৃতির সঙ্গে সেই পিচ্চি কাল থেকেই আমি জড়িত। ছোট বেলার সব স্মৃতি এসব নিয়েই।

শোবিজে কাজ করার ইচ্ছেটা কি হুট করেই নাকি দীর্ঘ দিনের পরিকল্পনা ছিল?

এখনো মনে পড়ে  ছোটবেলায় খালি মাকে বলতাম ‘আমি বড় হলে নায়িকা হব’ হা হা। আর এখন বলি আমি জাস্ট ভালো অভিনয় শিল্পী হতে চাই। আমি জানতাম আমি মিডিয়া অঙ্গনেই থাকব কিন্তু ভাগ্যক্রমে ঢাকার বদলে যাত্রা আরম্ভ হলো অস্ট্রেলিয়া থেকে।

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতার অভিজ্ঞতা কেমন ছিল?

২০১৭’তে সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো এমনটা ঘটল যে, বাংলাদেশের একজন প্রতিযোগীকে সাব কন্টিনেন্টাল কান্ট্রির প্রতিযোগী হিসেবে সিলেক্ট করা হয়। ফলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটা। আমি ফাইনালে জাস্ট ১০০% দিতে চেয়েছিলাম, জিতব অথবা কোনো পজিশন পাব এমনটা আশাও রাখিনি মনে। কিন্তু যখন রেজাল্ট ঘোষণা করা হলো আমি ফাস্ট রানারআপ- তখন একদম স্বপ্নের মতো একটা মুহূর্ত ছিল আমার জন্যে। বাঙালি হিসেবে আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া।

বলিউডে সুযোগ পাওয়ার পেছনের গল্প জানতে চাই...

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর আমার সঙ্গে একটা সিনেমার অডিশন এর জন্য কন্টাক্ট করা হয়। তখন অনেক উত্তেজিত থাকলেও একটু নার্ভাসও ছিলাম। কারণ এত ইন্ডিয়ান আর্টিস্ট থাকতে আমাকে তারা আদৌ পছন্দ করবে কিনা? কিন্তু মা সব সময় শিখিয়েছেন নিজের চেষ্টাটুকু সব সময় পুরোপুরি করবার জন্য। আর বাকি সব সৃষ্টিকর্তার ইচ্ছা। ফলে অডিশনটা দিয়েই ফেললাম। পরপর তিনটি অডিশন হয় আমার। কারণ বাঙালি হওয়ার কারণে আমার হিন্দি বলাতেও বাংলা একটা টান ছিল। শেষে মুভির শুটিংয়ের আগে অনেক ওয়ার্কশপ করে ইমপ্রুভমেন্ট আনা হলো।

‘পেরেশান পারিন্দা’ ছবিতে কাজের সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা?

অভিজ্ঞতা অনেক মজার ছিল। আমি একাই ছিলাম বাঙালি আর আমার প্রথম মুভি, তাও আবার বলিউডের; হিন্দি ভাষায়। হিন্দি শেখার অভিজ্ঞতাটা বেশ মজার ছিল (হাহা)। এত এত নতুন জিনিস শিখেছি যা আমার ভবিষ্যতে খুব কাজে লাগবে।

‘হিন্দি ভাষা’-আয়ত্ত করলেন কীভাবে?

আমরা বেশির ভাগ মানুষ-ই কিন্তু ছোটবেলা থেকে টুকটাক বলিউড গান শুনি অথবা মুভি দেখি। ফলে আমার হিন্দি ভাষাটা অল্পস্বল্প জানা ছিল। কিন্তু কখনো কারও সঙ্গে হিন্দি ভাষায় কথা বলিনি দেখে হিন্দি চর্চাটা ছিল না। তাই শুটিংয়ের আগে ওয়ার্কশপ করায় অনেক সুবিধা হয়েছে।

বাঙালি হয়ে বলিউডের ছবিতে কাজ করেছেন, ভাবলে কেমন লাগে?

বাঙালি হিসেবে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। নিজেকে আর নিজের দেশকে আরেকটা দেশে, আরেকটা প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করতে পারলাম। এবার নিজের দেশে কাজ করবার পালা।

বাঙালি হওয়ায় কোনো বৈষম্যের শিকার হতে হয়েছে কিনা?

একদমই না। তারা আনকমফোর্টেবল ফিল করার কোনো সুযোগই দেননি। আমি একাই বাঙালি ছিলাম। এই জন্য তারা হয়তো আরও বেশি খেয়াল রাখবার চেষ্টা করেছেন।

বলিউডে পরবর্তী কাজের খবর কি?

আরেকটা বলিউড মুভিতে কাজ করার কথা চলছে, যার পুরো শুটিংটাই ইন্ডিয়াতে হওয়ার কথা। আমি এখনো কিছু জানাই নাই এ ব্যাপারে। একটু সময় নিচ্ছি।

জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক কেমন? বলিউডের আর কার কার সঙ্গে আপনার পরিচয় রয়েছে?

জন আব্রাহাম এর সঙ্গে পরিচয় আসলে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড থেকেই। পরবর্তীতে অন্য শোতেও কাজ হয়েছে এক সঙ্গে। বলিউডের রাজীব খান্দেলওয়াল এর সঙ্গে ভালো পরিচয় আছে। ঊর্মিলা মাতন্ডকরের সঙ্গেও পরিচয় হয় সুন্দরী প্রতিযোগিতা থেকে।

বাংলাদেশে আপনার প্রিয় নায়ক-নায়িকা?

আমার আসলে প্রিয় নায়ক নায়িকা বলতে কেউ নাই। যখন যার কাজ ভালো লাগে, সেটাই দেখি। আমাদের দেশে অনেক ভালো আর্টিস্ট আছেন নাম বলে শেষ করা যাবে না।

(চলবে)

(সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শিগগিরই প্রকাশিত হবে।)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত